জাতীয়

রোহিঙ্গা সংকটে পাশে দাঁড়াল ফিনল্যান্ড! ২৮ কোটি টাকারও বেশি অনুদান ঘোষণা

ঢাকা, ৩১ মে – বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জীবনরক্ষাকারী সহায়তা এবং সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২০ লাখ ইউরো অনুদান দিয়েছে ফিনল্যান্ড। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ সহায়তার পরিমাণ প্রায় ২৮ কোটি ৫৮ লাখ টাকা।

জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই তহবিল দীর্ঘদিন ধরে অর্থের অভাবে পিছিয়ে থাকা দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা তৈরি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তহবিল সংকট ও ক্যাম্প পরিস্থিতির অবনতির মধ্যে আসা এই অনুদানকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় নতুন করে আন্তর্জাতিক মনোযোগের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

মিয়ানমারে সহিংসতা ও নিপীড়নের মুখে দেশ ছাড়ার প্রায় এক দশক পরও বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে। জীবিকার সীমিত সুযোগের কারণে তাদের একটি বড় অংশ এখনো মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মাত্র ২৩ শতাংশ রোহিঙ্গা পরিবার কাজের বিনিময়ে অর্থ কর্মসূচির মাধ্যমে আয় করতে পেরেছে। একই সময়ে ৪২ শতাংশ পরিবারের আয় এসেছে অনিশ্চিত উৎস থেকে এবং ৩৫ শতাংশ পরিবার পুরোপুরি ত্রাণের ওপর নির্ভরশীল ছিল। সংস্থাটি আরও জানায়, তহবিল কমে যাওয়ায় নারী, শিশু, প্রতিবন্ধী এবং বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছেন।

বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, রোহিঙ্গা সংকট এখন একটি নাজুক পর্যায়ে রয়েছে। ক্রমহ্রাসমান তহবিল এবং ক্যাম্পের অবনতিশীল অবস্থার পাশাপাশি মিয়ানমারের অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই পরিস্থিতিতে ফিনল্যান্ডের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।

অন্যদিকে নয়াদিল্লিতে ফিনল্যান্ড দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স মারি আহমেদ বলেন, ফিনল্যান্ড রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে রয়েছে এবং তাদের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ গঠনে সহায়তা অব্যাহত রাখবে। বর্তমানে জরুরি সহায়তার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও স্থিতিস্থাপকতা বৃদ্ধি করা প্রয়োজন।

গত ২০ মে প্রকাশিত ২০২৬ সালের মানবিক সহায়তা পরিকল্পনায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীসহ ১৫ লাখ ৬০ হাজার মানুষের জন্য ৭১ কোটি ৫ লাখ মার্কিন ডলারের তহবিল চাওয়া হয়েছে। জাতিসংঘের মতে, জীবনরক্ষাকারী সহায়তা চালিয়ে যাওয়ার জন্য এই ন্যূনতম অর্থ প্রয়োজন।

ফিনল্যান্ড দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত মানুষের সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে এবং ২০২৬ সালের জন্য ইউএনএইচসিআরের মূল তহবিলে আরও ৭০ লাখ ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এনএন/ ৩১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language