ব্রাহ্মণবাড়িয়া

চামড়া পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান

ব্রাহ্মণবাড়িয়া, ২৮ মে – ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে অবৈধভাবে কোরবানির পশুর চামড়া পাচার এবং অনুপ্রবেশ রোধে ঈদুল আজহার দিনেও বিশেষ সতর্ক অবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।

বৃহস্পতিবার সকাল থেকে জেলার আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা সশরীরে পরিদর্শন করেন বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। পশুর চামড়া পাচার ও অনুপ্রবেশ ঠেকাতে আগামী কয়েকদিন সীমান্তে এই কড়া নজরদারি অব্যাহত থাকবে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর ও কসবা উপজেলার প্রায় ৭৩ কিলোমিটার এলাকাজুড়ে ভারতের সঙ্গে সীমান্ত রয়েছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে এসব সীমান্ত পয়েন্ট দিয়ে চামড়া পাচারের তৎপরতা বৃদ্ধি পায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে, অবৈধ অনুপ্রবেশ এবং মাদকসহ যে কোনো ধরণের পণ্য চোরাচালান রোধে বিজিবি সদস্যরা তৎপর রয়েছেন। মূলত মানুষের ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিতে এই টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

এছাড়া ঈদে বাড়ি ফেরা মানুষের ফিরতি যাত্রা নিরাপদ করতে ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন রাখা হয়েছে।

এস এম/ ২৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language