ব্রেন টিউমার জয় করে সুস্থতার পথে অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ঢাকা, ২৮ মে – ব্রেন টিউমারে আক্রান্ত ছোটপর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি দীর্ঘ চিকিৎসা শেষে এখন অনেকটাই সুস্থ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
চলতি বছরের শুরুতে এই অভিনেত্রীর ব্রেন টিউমার ধরা পড়ে। গত ফেব্রুয়ারিতে ঢাকায় তার প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার হলেও মে মাসে আবারও তার অসুস্থতার খবর পাওয়া যায়।
ভক্তদের উদ্বেগ নিরসনে তানিয়া ফেসবুকে লেখেন যে আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় তিনি এখন অনেকটা ভালো আছেন। ভালোবাসা ও দোয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি দ্রুত অভিনয়ে ফেরার ইচ্ছা পোষণ করেছেন।
বর্তমানে ছোটপর্দার ব্যস্ততম এই অভিনেত্রীর ফেরার বার্তায় স্বস্তি প্রকাশ করেছেন তার সহকর্মী ও অনুরাগীরা।
এস এম/ ২৮ মে ২০২৬









