জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত, নামাজ আদায়ে মুসল্লিদের ঢল

ঢাকা, ২৮ মে – ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্বের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ আদায় করতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জাতীয় ঈদগাহে আসতে শুরু করেন।
নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে তারা ঈদগাহে প্রবেশ করেন। জাতীয় প্রেসক্লাব, মৎস্য ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রবেশপথগুলোতে মুসল্লিদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রধান এই ঈদ জামাতে অংশ নেন।
এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, কূটনৈতিক এবং সামরিক ও বেসামরিক পদস্থ কর্মকর্তারা সাধারণ মুসল্লিদের সঙ্গে ঈদ উল আজহার নামাজ আদায় করেন।
প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক এবং বিকল্প ইমাম হিসেবে ছিলেন ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের আয়োজন করা হয় এই প্যান্ডেলে।
নারীদের জন্য রাখা হয়েছিল পৃথক প্রবেশপথ ও বিশেষ নামাজের ব্যবস্থা। ঈদগাহ ময়দানে অজু, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবাসহ প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করা হয়। অন্যদিকে জাতীয় ঈদগাহের পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এস এম/ ২৮ মে ২০২৬









