জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত, থাকছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, ২৭ মে – আগামী পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষ্যে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, বিচারপতিগণ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিদেশি কূটনীতিকরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
জাতীয় ঈদগাহে ঈদের জামাত আয়োজনের লক্ষে ডিএসসিসি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, আধুনিক সুযোগ-সুবিধা, কঠোর নিরাপত্তা এবং নারী ও পুরুষদের জন্য পৃথক ব্যবস্থাপনার মাধ্যমে জামাতকে সুশৃঙ্খল ও আরামদায়ক করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের সূত্র অনুযায়ী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক এই প্রধান জামাতে ইমামতি করবেন।
জাতীয় ঈদগাহ ময়দানের প্রায় ৩০ হাজার বর্গমিটার এলাকার মধ্যে ২৫ হাজার ৪০০ বর্গমিটার এলাকা প্যান্ডেলের আওতায় আনা হয়েছে। এখানে মোট ১২১টি কাতারে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
এর মধ্যে সাধারণ মুসল্লিদের পাশাপাশি ভিআইপি পুরুষ ও নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। নারী মুসল্লিদের জন্য প্রায় সাড়ে ৩ হাজার জনের পৃথক নামাজের জায়গা প্রস্তুত করা হয়েছে।
প্রবেশ ও বহির্গমনের জন্য রাখা হয়েছে একাধিক ফটক। ভিআইপি ও সাধারণ মুসল্লিদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থানের পথ নির্ধারণ করা হয়েছে।
অজুখানায় একসঙ্গে ১৪০ জন মুসল্লি অজু করতে পারবেন, যার মধ্যে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে।
মুসল্লিদের সুবিধার্থে পুরো ময়দানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, পর্যাপ্ত ফ্যান, আলোর ব্যবস্থা, নিরাপদ খাবার পানি ও কার্পেট সরবরাহ করা হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপণ ব্যবস্থা সক্রিয় থাকবে। এছাড়া জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।
বৃষ্টি থেকে সুরক্ষার জন্য পানি নিরোধক সামিয়ানা এবং সৌন্দর্য বর্ধনে তিনটি দৃষ্টিনন্দন ফটক নির্মাণ করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, অত্যন্ত ভাবগাম্ভীর্য ও স্বস্তিদায়ক পরিবেশে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করতে পারবেন।
এনএন/ ২৭ মে ২০২৬









