ঈদুল আজহার ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত ঐতিহাসিক সোনারগাঁ

নারায়ণগঞ্জ, ২৭ মে – পবিত্র ঈদুল আজহার টানা ছুটিকে সামনে রেখে প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁর বিভিন্ন পর্যটন কেন্দ্র দর্শনার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে। ঈদের আনন্দ উপভোগ করতে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঈদের দিন থেকেই বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, পানাম নগরী, বাংলার তাজমহল ও পিরামিডসহ বিভিন্ন ঐতিহাসিক এবং বিনোদনমূলক স্থান দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে। অতিরিক্ত দর্শনার্থীদের চাপ সামলাতে ইতোমধ্যে নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিশেষ করে লোক ও কারুশিল্প জাদুঘর, পানাম সিটি ও মেঘনা নদী সংলগ্ন এলাকাগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে মাঠে সক্রিয় থাকবে পুলিশ, টুরিস্ট পুলিশ ও আনসার সদস্যরা। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার হোসেন জানিয়েছেন, ছুটিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে এবং যানজট নিরসনে তারা নিয়মিত তৎপর থাকবেন। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপপরিচালক সাখাওয়াত হোসেন বলেন, সপরিবারে ঘুরতে আসা পর্যটকদের জন্য ফাউন্ডেশন কর্তৃপক্ষ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
পুরো জাদুঘর প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। অন্যদিকে টুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের ইনচার্জ মাহবুল আলম জানান, পর্যটকদের নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে বিশেষ নজরদারি রাখা হবে। কোনো পর্যটক হয়রানির শিকার হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের সমন্বয়ে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
এস এম/ ২৭ মে ২০২৬









