যুক্তরাষ্ট্রে বিদেশি পর্যটক আগমনে বড় ধস, আয় কমেছে ৮ বিলিয়ন ডলার

ওয়াশিংটন, ২৭ মে – ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক পর্যটক আগমনে নজিরবিহীন পতন পরিলক্ষিত হয়েছে। কোভিড পরবর্তী সময়ে পর্যটন খাতে এটিই সবচেয়ে বড় নিম্নমুখী প্রবণতা বলে জানাচ্ছে সাম্প্রতিক পরিসংখ্যান। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে দেশটিতে প্রায় ৪০ লাখ কম বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন।
এর ফলে পর্যটন খাত থেকে দেশটির আয় কমেছে প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। পর্যটন বিশেষজ্ঞদের মতে, এই পতনের হার ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময়কার রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতির জন্য কোনো মহামারি বা বৈশ্বিক অর্থনৈতিক সংকট দায়ী নয়।
মূলত প্রশাসনিক নীতিগত সিদ্ধান্ত এবং রাজনৈতিক অবস্থানের পরিবর্তনই এই ধসের মূল কারণ হিসেবে কাজ করছে। বিশেষ করে অভিবাসন নীতি এবং বিদেশিদের প্রতি কঠোর মনোভাবের কারণে আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নেতিবাচক হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
হার্ভার্ড কেনেডি স্কুলের সিনিয়র বিশ্লেষক জুলিয়েট কায়েম জানান, যুক্তরাষ্ট্রকে ঘিরে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হচ্ছে যা দীর্ঘমেয়াদে দেশটির আন্তর্জাতিক অবস্থানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া ভিসা ফি বৃদ্ধি, বিমান ভাড়ার ঊর্ধ্বগতি এবং আন্তর্জাতিক পর্যটন প্রচারণা সংস্থা ব্র্যান্ড ইউএসএ এর বাজেট কমানোর মতো সিদ্ধান্তগুলো পর্যটন খাতে স্থবিরতা এনেছে।
বিশ্ব ভ্রমণ ও পর্যটন কাউন্সিলের তথ্য অনুযায়ী, সারাবিশ্বে পর্যটন প্রবাহ বাড়লেও যুক্তরাষ্ট্রে এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে। এই প্রবণতা বজায় থাকলে দেশটির সামগ্রিক অর্থনীতি ও বৈশ্বিক প্রভাব ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এস এম/ ২৭ মে ২০২৬









