২৪ ঘণ্টায় হামে ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

ঢাকা, ২৬ মে – সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের প্রতিবেদন অনুযায়ী, এদের মধ্যে একজন নিশ্চিতভাবে হামে এবং ৯ জন এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছে।
এই সময়ে নতুন করে ১ হাজার ১৩৬ জন আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে ৫৩ জনের শরীরে সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত আড়াই মাসেরও কম সময়ে দেশে মোট ৫৫৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৮ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে এবং ৪৬৭ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এই সময়ের ব্যবধানে সারা দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৭৭২ জন। পাশাপাশি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছে ৬৬ হাজার ২৩ জন।
দেশের আটটি বিভাগের মধ্যে ঢাকা বিভাগে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। এই বিভাগে এখন পর্যন্ত ৩৭ হাজার ২২৯ জন আক্রান্ত এবং ২৩৬ জন মারা গেছে।
এনএন/ ২৬ মে ২০২৬









