শিক্ষা

এসএসসি পরীক্ষার খাতা শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়ন, গোপালগঞ্জের শিক্ষককে শোকজ

গোপালগঞ্জ, ২৪ মে – ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের উত্তরপত্র মূল্যায়নে গুরুতর অনিয়মের অভিযোগে এক শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। রোববার ২৪ মে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

সংশ্লিষ্ট বোর্ড সূত্রে জানা গেছে, ইংরেজি দ্বিতীয় পত্রের বিষয় কোড ১০৮ এর উত্তরপত্রগুলো পরীক্ষক নিজে না দেখে শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়ন করাচ্ছেন, এমন একটি ভিডিও ও স্থিরচিত্র সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার উত্তরপত্র প্রধান পরীক্ষক বা পরীক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তি, শিক্ষার্থী কিংবা পরিবারের সদস্যকে দিয়ে মূল্যায়ন করানো একটি শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ন হয়েছে, তেমনি পরীক্ষার্থীদের মাঝেও গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আইকদিয়ার আছিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলামকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না, সে বিষয়ে তাকে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এই নোটিশের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং গোপালগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

এস এম/ ২৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language