গাইবান্ধা

গাইবান্ধায় শিশুকে ধর্ষণচেষ্টা: গণপিটুনির শিকার যুবক গ্রেপ্তার

গাইবান্ধা, ২৩ মে – গাইবান্ধা সদরের বিষ্ণুপুর এলাকায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমরান সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ওই যুবককে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

বর্তমানে তিনি গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশি হেফাজতে রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার একটি গ্রামে লিচুর বাগানের পাশ দিয়ে যাচ্ছিল ওই শিশুটি। এ সময় অভিযুক্ত ইমরান তাকে লিচু দেওয়ার কথা বলে বাগানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান।

শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং ইমরানকে গণপিটুনি দিয়ে সাহাপাড়া ইউনিয়ন পরিষদে আটকে রাখে। ভুক্তভোগী শিশুর বাবা শুক্রবার রাতে সদর থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করলে রাতেই হাসপাতালে চিকিৎসাধীন ইমরানকে গ্রেপ্তার দেখানো হয়।

স্থানীয়দের অভিযোগ ছিল যে পুলিশ ওই যুবককে মুচলেকায় ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিল, তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিলেই দ্রুত আদালতে সোপর্দ করা হবে।

এস এম/ ২৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language