দক্ষিণ এশিয়া

ভারতে তীব্র দাবদাহের মধ্যে বৃষ্টির পূর্বাভাস, কেরালায় দ্রুত আসতে পারে মৌসুমি বায়ু

নয়া দিল্লী, ২৩ মে – ভারতে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে অবশেষে বৃষ্টির আভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। উপগ্রহ চিত্রে দেখা গেছে বঙ্গোপসাগর ও আরব সাগরে মেঘের সঞ্চার ঘটছে যা নির্দিষ্ট সময়ের আগেই মৌসুমি বায়ু প্রবেশের সংকেত দিচ্ছে।

এর ফলে দীর্ঘ দাবদাহের পর জনজীবনে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত শুক্রবার প্রকাশিত ইনস্যাট থ্রিডিএস থার্মাল ইনফ্রারেড উপগ্রহ চিত্রে দেখা গেছে দক্ষিণ আরব সাগর এবং ভারত মহাসাগরের পূর্বাঞ্চলে ঘন মেঘের স্তর তৈরি হয়েছে।

বিশেষ করে দক্ষিণ শ্রীলঙ্কা ও তৎসংলগ্ন এলাকায় মেঘের ঘনত্ব বেশি থাকায় কেরালায় মৌসুমি বৃষ্টির দ্রুত আগমনের সম্ভাবনা তৈরি হয়েছে। সমুদ্র থেকে আসা আর্দ্র বাতাস এবং স্থলভাগের উত্তাপের প্রভাবে এই মেঘমালা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

ভারতের উত্তর ও মধ্যাঞ্চলে বর্তমানে চরম দাবদাহ চলছে। রাজস্থান উত্তর প্রদেশ বিহার ও ঝাড়খণ্ডসহ বেশ কিছু রাজ্যে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। রাজধানী দিল্লিতেও প্রচণ্ড গরমে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

শুষ্ক হাওয়া এবং ঘনবসতিপূর্ণ এলাকার কংক্রিট কাঠামো এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে দ্রুত বৃষ্টির সম্ভাবনা এই অসহনীয় গরম থেকে মুক্তির পথ দেখাতে পারে।

এস এম/ ২৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language