সিজেপি-র এক্স অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে সরব শশী থারুর

নয়া দিল্লী, ২২ মে – ভারতে জনপ্রিয় ও ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) এক্স অ্যাকাউন্ট ব্লক করার সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তরুণ প্রজন্মের ক্ষোভ ও আবেগের বহিঃপ্রকাশকে এভাবে বাধা দেওয়াকে তিনি সর্বনাশা এবং চরম অবিবেচনাপ্রসূত একটি পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন।
একই সঙ্গে দেশের প্রধান বিরোধী দলগুলোকে এই গণজোয়ারকে কাজে লাগিয়ে তরুণ প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন এই প্রবীণ নেতা। সম্প্রতি আইনি নোটিশের জের ধরে ভারত সরকার ককরোচ জনতা পার্টির প্রায় দুই লাখ ফলোয়ার সমৃদ্ধ এক্স অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়।
এই ঘটনার পরই বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। এই প্রসঙ্গে শশী থারুর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান যে, মাত্র পাঁচ দিনে ইনস্টাগ্রামে এই প্ল্যাটফর্মটির অনুসারী সংখ্যা ১ কোটি ৯০ লাখ ছাড়িয়ে যাওয়ার বিষয়টি তাকে কৌতুহলী করেছে।
তিনি মনে করেন যে,
দেশের তরুণদের ক্ষোভের একটি স্বাভাবিক বহিঃপ্রকাশ দরকার এবং একটি সুস্থ গণতন্ত্রে ব্যঙ্গ ও ভিন্নমতের জন্য পর্যাপ্ত জায়গা থাকা উচিত। তাই অ্যাকাউন্টটি অবিলম্বে সচল করার দাবি জানিয়েছেন তিনি। মাত্র এক সপ্তাহ আগে অভিজিৎ দিপকে নামের এক যুবকের হাত ধরে যাত্রা শুরু করা এই প্ল্যাটফর্মটি নিজেদের বেকারদের কণ্ঠস্বর হিসেবে দাবি করেছে।
এটি মূলত একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক ফ্রন্ট হলেও তাদের ইশতেহারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের অবসরকালীন সুবিধা নিয়ন্ত্রণ এবং সংসদে নারীদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়েছে।
শশী থারুর আশা প্রকাশ করেছেন যে, তরুণদের এই শক্তি একদিন ভোটের মাধ্যমে দেশের মূলধারার রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠবে।
এস এম/ ২২ মে ২০২৬









