টলিউডে বাংলাদেশি শিল্পীদের কাজ নিয়ে টেকনিশিয়ানদের ক্ষোভ, মুখ খুললেন রুদ্রনীল

কলকাতা, ২২ মে – ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পরবর্তী প্রেক্ষাপটে টলিউডে বাংলাদেশি তারকাদের কাজ করা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি নবনির্বাচিত বিধায়ক ও অভিনেতা রুদ্রনীল ঘোষের আহবানে আয়োজিত এক বৈঠকে কলকাতার টেকনিশিয়ানরা তাদের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ প্রকাশ করেন।
গত বুধবার বিকেলে কলকাতার টেকনিশিয়ান্স স্টুডিওতে টলিউড ইন্ডাস্ট্রির বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যা নিরসনে এই বৈঠকের আয়োজন করা হয়। সেখানে অভিনেতা পরমব্রত চ্যাটার্জি, নির্মাতা সৃজিত মুখার্জি এবং সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তসহ ইন্ডাস্ট্রির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশ নেওয়া টেকনিশিয়ানদের একজন অভিযোগ করেন যে, বাংলাদেশে কাজ করতে গিয়ে তারা নানাভাবে অপমানিত ও লাঞ্ছিত হয়েছেন। অথচ বাংলাদেশি শিল্পীরা কলকাতায় কোনো বাধা ছাড়াই নিয়মিত কাজ করছেন। এই বৈষম্য মেনে নেওয়া সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
টেকনিশিয়ানদের এমন অভিযোগের প্রেক্ষিতে রুদ্রনীল ঘোষ বলেন যে, ভারতীয় হিসেবে এ ধরনের অসম্মানজনক অভিজ্ঞতা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি আরও জানান যে, সুযোগ পাওয়া মাত্রই তিনি এই বিষয়টি রাজ্য সরকারের উচ্চ পর্যায়ে অবহিত করবেন।
বাংলাদেশি শিল্পীদের ভারতে কাজের অনুমতি প্রসঙ্গে এই বিধায়ক জানান যে, এটি মূলত সরকারের সিদ্ধান্তের বিষয়। বাংলাদেশের অনেক মানুষ ভারতকে আন্তরিকভাবে পছন্দ করেন তবে সেখানে কিছু উগ্রবাদী গোষ্ঠীও সক্রিয় রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা বা অল্প সংখ্যক মানুষের আচরণের ভিত্তিতে পুরো দেশকে বিচার করা ঠিক হবে না।
তবে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে তিনি আশ্বস্ত করেন। নির্বাচনী ফলাফল প্রকাশের পর টেকনিশিয়ানদের সঙ্গে রুদ্রনীল ঘোষের এটিই ছিল প্রথম আনুষ্ঠানিক আলোচনা। দুই বাংলার বিনোদন জগতের বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার বিষয়।
এস এম/ ২২ মে ২০২৬









