আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আটক ৩

নারায়ণগঞ্জ, ২১ মে – নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও কবরস্থান এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ওসমান গণি বড় বিনাইরচর গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রমজান মিয়াসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ওসমান গণি পাঁচগাঁও এলাকায় মাটি কেনাবেচার ব্যবসা করতেন। বুধবার রাত ১২টার দিকে তার মাটি তোলার ভেকু ডেবে যাওয়ার খবর পেয়ে তিনি মোটরসাইকেলে সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে আগে থেকেই ওঁত পেতে থাকা ২০ থেকে ২৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল তাদের ঘিরে ফেলে।
দুর্বৃত্তরা সবাইকে হাত উঁচু করে দাঁড়িয়ে থাকতে বলে এবং অতর্কিতে ওসমান গণির মাথায় ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত শুরু করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি ইসমাইল মিয়া অভিযোগ করেন মাটি তোলাকে কেন্দ্র করে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের এক নেতা ওসমান গণির কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। এই চাঁদা দাবি ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত মঙ্গলবার তাদের মধ্যে বাগবিতণ্ডাও হয়েছিল।
হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে ভুলতা ও বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের বড় বিনাইরচর এলাকায় বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। বিক্ষুব্ধরা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় এবং কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এস এম/ ২১ মে ২০২৬









