তেহরানে ক্ষেপণাস্ত্রের ছায়ায় ব্যতিক্রমী গণবিয়ে সম্পন্ন

তেহরান, ১৯ মে – ইরানের রাজধানী তেহরানে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও ব্যতিক্রমী এক গণবিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মধ্যপ্রাচ্যে বিরাজমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই সরকারের বিশেষ প্রচারণামূলক কর্মসূচি ‘জানফাদা’ বা ইরানের জন্য আত্মত্যাগ উদ্যোগের অংশ হিসেবে এই গণবিয়ে অনুষ্ঠিত হয়।
সম্পূর্ণ আয়োজনে একদিকে যেমন ছিল ঐতিহ্যবাহী বিয়ের আমেজ, অন্যদিকে দেশাত্মবোধক বিভিন্ন প্রতীকী উপস্থাপনার মাধ্যমে জাতীয়তাবাদকে ফুটিয়ে তোলা হয়েছে। সোমবার তেহরানে অনুষ্ঠিত এই গণবিয়েতে বিপুল সংখ্যক মানুষ নবদম্পতিদের শুভেচ্ছা জানাতে উপস্থিত হন। অনুষ্ঠানস্থলজুড়ে শোভা পাচ্ছিল ইরানের জাতীয় পতাকা।
তবে অনুষ্ঠানের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল একটি বিশেষ প্রদর্শনী। সেখানে লিলি বা হালকা বেগুনি রঙের একটি বিশাল ‘খাইবার-বাস্টার’ ক্ষেপণাস্ত্র রাখা হয়। আগত নবদম্পতি এবং অতিথিদের অনেকেই ক্ষেপণাস্ত্রটির পাশে দাঁড়িয়ে ছবি তোলেন।
এছাড়া অনুষ্ঠানে অংশ নেওয়া শিশুদের হাতে ছিল ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং তাঁর প্রয়াত পিতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতিকৃতি। বর-কনেদের হাতে গোলাপ ফুল এবং হাসিমুখে সেলফি তোলার মধ্য দিয়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
জীবনের নতুন অধ্যায় শুরু করার এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন স্বজন ও সংবাদকর্মীরা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতিরা সজ্জিত পিকআপ ট্রাকে চড়ে উৎসবস্থল ত্যাগ করেন।
এস এম/ ১৯ মে ২০২৬









