ঢালিউড

দেশে পৌঁছালো জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ

ঢাকা, ১৭ মে – সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ পর্যন্ত লাশ হয়েই দেশে ফিরলেন তরুণ প্রজন্মের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। লিভারের জটিল অসুখের সঙ্গে লড়াইয়ে হেরে গিয়ে ভারতের হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়া এই তরুণীর মরদেহ আজ রোববার দেশে এসে পৌঁছেছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সম্পূর্ণ বিনা খরচে তার মরদেহ বাংলাদেশে আনা হয়। প্রিয় মানুষের নিথর দেহটি যখন কফিনবন্দি হয়ে বিমানবন্দরে পৌঁছায়, তখন সেখানে উপস্থিত পরিবার ও স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে। চেনা হাসিমুখের এমন করুণ বিদায় মেনে নিতে পারছেন না কেউই।

কারিনা কায়সারের পারিবারিক সূত্র নিশ্চিত করেছে যে, আজ থেকেই তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। আজ রোববার (১৭ মে) বাদ মাগরিব রাজধানীর বনানী ডিওএইচএসের কেন্দ্রীয় মসজিদে কারিনার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

কারিনার বাবা কায়সার হামিদ জানিয়েছেন, আগামীকাল সোমবার মরদেহ নেওয়া হবে মুন্সিগঞ্জের গজারিয়ায় তার নানার বাড়িতে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

মাত্র কয়েকদিন আগেও ঢাকার ডিজিটাল প্ল্যাটফর্মে যার সরব উপস্থিতি ছিল, সেই কারিনার জীবন প্রদীপ এত দ্রুত নিভে যাবে তা কেউ ভাবেনি।

পারিবারিক সূত্রে জানা যায়, লিভারের গুরুতর সমস্যা নিয়ে কারিনা প্রথমে ঢাকার একটি হাসপাতালে এক সপ্তাহেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন। কিন্তু অবস্থার আশঙ্কাজনক অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার শেষ চেষ্টা হিসেবে গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শুক্রবার গভীর রাতে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এনএন/ ১৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language