রাজধানী ঢাকায় মুষলধারে বৃষ্টি, দুপুর পর্যন্ত আবহাওয়া এমনই থাকার পূর্বাভাস

ঢাকা, ১৭ মে – রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে আজ রবিবার ভোর থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি জনজীবনে প্রভাব ফেলেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত এই ধরনের বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে।
রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া দপ্তরের মতে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
এস এম/ ১৭ মে ২০২৬









