এশিয়া

পর্যটক উদ্ধারে গিয়ে মালদ্বীপে প্রাণ হারালেন নৌবাহিনীর ডুবুরি

মালে, ১৭ মে – মালদ্বীপের ভাভু অ্যাটলের আলিমাথা এলাকায় নিখোঁজ পাঁচ ইতালীয় পর্যটককে উদ্ধার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের এক ডুবুরি। গত কয়েকদিন আগে ওই এলাকায় ডাইভিং করার সময় পর্যটকরা নিখোঁজ হন।

পরবর্তী সময়ে অনুসন্ধানের মাধ্যমে সমুদ্রের প্রায় ৬০ মিটার গভীর তলদেশে একটি গুহার সন্ধান পায় উদ্ধারকারী দল। সংশ্লিষ্টদের ধারণা নিখোঁজ পর্যটকরা সেই গুহার ভেতরেই আটকা পড়েছেন। এমএনডিএফের বিশেষ ডাইভিং টিম এই উদ্ধার অভিযান পরিচালনা করছিল।

তবে গভীর সমুদ্রের প্রতিকূল পরিবেশ, সীমিত দৃশ্যমানতা এবং পানির তীব্র স্রোতের কারণে অভিযানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। উদ্ধারকাজ চলাকালীন সময়ে এক ডুবুরি দুর্ঘটনার কবলে পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনায় মালদ্বীপ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিহত ডুবুরির সাহস ও নিঃস্বার্থ আত্মত্যাগের কথা স্মরণ করছেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের জীবন বাঁচাতে গিয়ে তার এই মৃত্যু সহকর্মীদের মধ্যেও গভীর শোকের সৃষ্টি করেছে।

উল্লেখ্য যে আলিমাথা এলাকার পানির নিচের গুহাগুলো ডাইভিংয়ের জন্য জনপ্রিয় হলেও সেগুলো বেশ বিপজ্জনক হিসেবে পরিচিত। নিখোঁজ পর্যটকদের সন্ধানে উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে।

এস এম/ ১৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language