১ জুলাই থেকে লেনদেনে বাংলা কিউআর বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

খুলনা, ১৬ মে – বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান জানিয়েছেন যে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আগামী ১ জুলাই থেকে লেনদেনের মাধ্যম হিসেবে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। সরকারের এই বিশেষ পরিকল্পনা সফল করতে জুনের মধ্যে অন্তত একটি লেনদেনে বাংলা কিউআর ব্যবহারের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
শনিবার খুলনার একটি অভিজাত হোটেলে আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ষাণ্মাসিক মুদ্রানীতি প্রণয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন। গভর্নর বলেন, ক্যাশলেস সমাজ ব্যবস্থা গড়ে উঠলে সরকারের রাজস্ব আহরণ এবং সামগ্রিক ব্যবস্থাপনা আরও সহজতর হবে।
তিনি উল্লেখ করেন যে প্রতি বছর কাগজের নোট মুদ্রণে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয়। ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করা গেলে এই ব্যয় অন্তত অর্ধেক কমিয়ে ১০ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হবে। অনুষ্ঠানে গভর্নর আরও জানান, কৃষক ঋণ বিতরণ এবং পাঁচটি ব্যাংককে একীভূত করার প্রক্রিয়া নিয়েও কাজ করছে বাংলাদেশ ব্যাংক।
খুলনার ব্যবসায়ী, অংশীজন এবং সুধী সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নিয়ে স্থানীয় কৃষকদের ঋণ প্রাপ্তি এবং পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।
বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক মো. রুকনুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। সভায় মুদ্রানীতি বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহমুদ সালাহউদ্দিন নাসের।
এস এম/ ১৬ মে ২০২৬









