কানে আসগর ফরহাদির রাজকীয় প্রত্যাবর্তন, সাড়ে ৫ মিনিটের করতালিতে সিক্ত নির্মাতা

প্যারিস, ১৬ মে – ফ্রান্সের বিশ্ববিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে রাজকীয়ভাবে ফিরেছেন প্রখ্যাত ইরানি নির্মাতা আসগর ফরহাদি। উৎসবে এই পরিচালকের ফরাসি ভাষার নতুন সিনেমা প্যারালাল টেলস এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার সিনেমাটির প্রদর্শনী শেষে উপস্থিত দর্শকরা টানা সাড়ে ৫ মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানান।
দর্শকদের এমন ভালোবাসায় আবেগপ্রবণ হয়ে পড়েন দুবারের অস্কারজয়ী এই নির্মাতা। কৃতজ্ঞতা প্রকাশ করতে তিনি উপস্থিত দর্শকদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়ে দেন। সংবাদ মাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ফরাসি অভিনেত্রী ইজাবেল হুপার।
লাল রঙের গাউন পরে হুপার যখন উৎসবে উপস্থিত হন তখন সবার নজর কাড়েন তিনি। দর্শকদের করতালির সময় ফরহাদি তার সহশিল্পী ক্যাথরিন দেনেভ ও ভার্জিনি এফিরাকে আলিঙ্গন করে আনন্দ ভাগ করে নেন। কান উৎসবের সাথে আসগর ফরহাদির সখ্যতা বেশ পুরনো।
২০১৩ সালে তার প্রথম ফরাসি ভাষার সিনেমা দ্য পাস্ট পাম দি’অর জেতার দৌড়ে ছিল। পরবর্তীতে দ্য সেলসম্যান সিনেমার মাধ্যমে তিনি সেরা চিত্রনাট্যের পুরস্কার লাভ করেন। এছাড়া তার এভরিবডি নোজ এবং আ হিরো সিনেমা দুটিও কানে বেশ প্রশংসিত হয়।
২ ঘণ্টা ২০ মিনিট দৈর্ঘ্যের প্যারালাল টেলস সিনেমাটি অভিনেত্রী হুপারকে কেন্দ্র করে নির্মিত। এতে তিনি সিলভি নামের এক লেখকের চরিত্রে অভিনয় করেছেন যিনি নিজের উপন্যাসের অনুপ্রেরণা খুঁজতে প্রতিবেশীদের ওপর নজর রাখেন। এক পর্যায়ে এক তরুণ সহকারীকে ঘিরে তার ব্যক্তিগত ও লেখক জীবন জটিলতায় জড়িয়ে পড়ে।
সিনেমাটি বর্তমানে প্রতিযোগিতামূলক বিভাগে পাম দি’অর পুরস্কারের জন্য লড়ছে। ২০২৩ সাল থেকে আসগর ফরহাদি ইরানের বাইরে বসবাস করছেন। তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন যে ইরানি চলচ্চিত্রে বাধ্যতামূলক হিজাব নীতির পরিবর্তন না আসা পর্যন্ত তিনি নিজ দেশে আর সিনেমা নির্মাণ করবেন না। চলতি বছরের এপ্রিলে এক বিবৃতিতে তিনি যুদ্ধাপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এস এম/ ১৬ মে ২০২৬









