রাজশাহী

রাজশাহীতে শুরু হলো আম পাড়া: বাজারে আসছে গুটি জাত

রাজশাহী, ১৫ মে – রাজশাহীর বাগানগুলোতে আনুষ্ঠানিকভাবে গুটি জাতের আম পাড়া শুরু হয়েছে। আজ শুক্রবার থেকে এই আম স্থানীয় বাজারে পাওয়া যাবে। জেলা প্রশাসনের নির্ধারিত সময়সূচি মেনে আম সংগ্রহের প্রথম দিনেই নগরীর পবা উপজেলার কুকন্ডী ও বুধপাড়া এলাকার বাগানগুলোতে চাষি ও ব্যবসায়ীদের কর্মতৎপরতা দেখা গেছে।

বাগান মালিকরা জানিয়েছেন যে এখনও সব আম পুরোপুরি পরিপক্ক না হওয়ায় শুরুতে সীমিত পরিসরে আম সংগ্রহ করা হচ্ছে। কৃষি বিভাগের ভাষ্যমতে আমের গুণগত মান বজায় রাখতে এবং পরিপক্কতা নিশ্চিত করতেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী আগামী ২২ মে থেকে গোপালভোগ এবং ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ আম নামানো হবে। এছাড়া ৩০ মে থেকে হিমসাগর বা খিরসাপাত বাজারে আসবে। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে ল্যাংড়া ও আম্রপালির মতো জনপ্রিয় জাতগুলো সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলায় ১৯ হাজার ৬৩ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ২ লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিক টন যার বাজারমূল্য প্রায় ৭৮০ কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।

এস এম/ ১৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language