আড়াইহাজারে ভুল সিলেবাসে এসএসসি পরীক্ষা: ৫৪ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

নারায়ণগঞ্জ, ১৫ মে – নারায়ণগঞ্জের আড়াইহাজারে এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখার ভুল সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা চলাকালীন শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৪০১ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। এই ভুলের কারণে কেন্দ্রের ৫৪ জন পরীক্ষার্থীর ভবিষ্যৎ ফলাফল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
একই সাথে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। কেন্দ্র সূত্রে জানা যায়, ওই কেন্দ্রে আতাদী উচ্চ বিদ্যালয়, জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের মোট ২৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৪০১ নম্বর কক্ষে থাকা ৫৪ জন শিক্ষার্থীর ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেওয়ার কথা থাকলেও তাদের হাতে ২০২৫ সালের সিলেবাস ভিত্তিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়।
ফলে নির্ধারিত পাঠ্যসূচির বাইরের প্রশ্নে পরীক্ষা দিতে বাধ্য হন ওই শিক্ষার্থীরা। এতে তাদের ফলাফল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি করেছেন অভিভাবকরা। পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে কেন্দ্র এলাকায় উত্তেজনা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।
পরে শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত সমাধান ও ন্যায্য মূল্যায়নের দাবি জানান। কেন্দ্র সচিব ও শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান মৃধা জানান, সুপারের ভুলের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে যাতে শিক্ষার্থীদের কোনো ক্ষতি না হয়।
দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক মিলন জানান, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস এম/ ১৫ মে ২০২৬









