মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুর গোপন সফরের খবর অস্বীকার করল আরব আমিরাত

আবুধাবি, ১৪ মে – ইরান যুদ্ধের আবহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফরের খবর নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে নেতানিয়াহুর এই কথিত সফর নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আবুধাবি তা পুরোপুরি অস্বীকার করেছে।

একই সঙ্গে ইসরায়েলি কোনও সামরিক প্রতিনিধিদলকে গ্রহণের খবরও ভিত্তিহীন বলে জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয় যে আমিরাত সরকার একটি বিবৃতির মাধ্যমে তাদের অবস্থান পরিষ্কার করেছে।

বিবৃতিতে বলা হয়েছে যে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক অত্যন্ত স্বচ্ছ এবং এটি আনুষ্ঠানিকভাবে ঘোষিত। এই দ্বিপাক্ষিক সম্পর্ক মূলত আব্রাহাম চুক্তির কাঠামোর ওপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। এর বাইরে কোনও অস্বচ্ছ, গোপন বা অনানুষ্ঠানিক সমঝোতার অবকাশ নেই।

আমিরাত সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে নিয়মানুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা পর্যন্ত যেকোনও অঘোষিত সফর বা অপ্রকাশিত ব্যবস্থার দাবি সম্পূর্ণ কাল্পনিক। গণমাধ্যমগুলোকে বিভ্রান্তিকর রাজনৈতিক ভাষ্য প্রচার থেকে বিরত থেকে সঠিক ও যাচাইকৃত তথ্য উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন যে তিনি গোপনে আরব আমিরাত সফর করেছেন এবং দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই বৈঠককে ঐতিহাসিক অগ্রগতি হিসেবে বর্ণনা করা হলেও সংযুক্ত আরব আমিরাত শুরু থেকেই এ ধরনের কোনও আলোচনার কথা অস্বীকার করে আসছে।

এস এম/ ১৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language