দক্ষিণ এশিয়া

পাকিস্তানের মাথাপিছু আয় বেড়ে ১৯০১ ডলার, অর্থনৈতিক আকার ৪২তম

ইসলামাবাদ, ১৪ মে – চলতি ২০২৫-২৬ অর্থবছরে পাকিস্তানের মাথাপিছু আয় বেড়ে ১ হাজার ৯০১ ডলারে দাঁড়িয়েছে। প্রবাসী আয় বৃদ্ধি, ইতিবাচক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং তুলনামূলক স্থিতিশীল বিনিময় হারের ফলে এই সাফল্য এসেছে বলে জানিয়েছে দেশটির পরিকল্পনা মন্ত্রণালয়।

তবে সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জিত হয়নি। বিদায়ী অর্থবছরে পাকিস্তানের অর্থনীতি ৩.৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে যেখানে সরকারের লক্ষ্য ছিল ৪.২ শতাংশ। মূলত শিল্প ও নির্মাণ খাতের ধীরগতির কারণে প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম হয়েছে যা দেশটিতে বেকারত্ব বৃদ্ধির কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

বুধবার জাতীয় হিসাব কমিটির ১১৭তম বৈঠকে এই প্রবৃদ্ধির হিসাব অনুমোদন করা হয়। পরিকল্পনা সচিব আওয়াইস মনজুর সুমরার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে জানানো হয় যে বর্তমানে পাকিস্তানের অর্থনীতির আকার ১২৬.৯ ট্রিলিয়ন রুপি বা ৪৫২.১ বিলিয়ন ডলার।

এর মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে পাকিস্তান ৪২তম অবস্থানে রয়েছে। ২০২৫ অর্থবছরে দেশটির মাথাপিছু আয় ছিল ১ হাজার ৮২৪ ডলার। এর আগের বছরগুলোতে এই আয় পর্যায়ক্রমে ১ হাজার ৫৫১ ডলার এবং ১ হাজার ৭৬৬ ডলার ছিল।

এদিকে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য পাকিস্তান সরকার আইএমএফের কাছে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া ২.৮ ট্রিলিয়ন রুপি প্রাথমিক বাজেট উদ্বৃত্ত তৈরির একটি লিখিত অঙ্গীকারও করেছে দেশটি।

এস এম/ ১৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language