লেবানন

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ছিন্নভিন্ন বাংলাদেশি শুভর দেহ! ধ্বংসস্তূপের নিচে আরও এক প্রবাসী

বৈরুত, ১৩ মে – ভিনদেশে একটু সুখের আশায় গিয়ে নিথর দেহে ফিরতে হচ্ছে সাতক্ষীরার শুভ কুমার দাসকে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিখোঁজ দুই বাংলাদেশির মধ্যে শুভর ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ মে) রাতে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে নিখোঁজ অপর বাংলাদেশি করিম মিয়ার পরিণতি নিয়েও দেখা দিয়েছে চরম আশঙ্কা।

বুধবার লেবানিজ সেনাবাহিনী ও রেডক্রসের সহায়তায় দক্ষিণ লেবাননের নাবাতিয়ের মাইফাদুন এলাকা থেকে একটি অঙ্গবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। পাশের ঘরে থাকা অপর প্রবাসী রাজিব মরদেহটি দেখে শনাক্ত করেন যে এটি শুভ কুমার দাসের দেহ। বর্তমানে তার দেহটি নাবাতিয়ের নাযদ হাসপাতালে রাখা হয়েছে।

নিহত শুভ সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারিকাঠি ইউনিয়নের সুরঞ্জনের ছেলে। সোমবার রাতে কর্মস্থল সংলগ্ন আবাসস্থলে ড্রোন হামলার শিকার হন তিনি।

হামলার পর থেকে নিখোঁজ রয়েছেন নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের করিম মিয়া। দূতাবাস ধারণা করছে, একই স্থানে ধ্বংসস্তূপের নিচে তার মরদেহ চাপা পড়ে থাকতে পারে। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে লেবানিজ সেনাবাহিনী উদ্ধার কাজ আপাতত স্থগিত রেখেছে। করিম মিয়ার পরিবারের সদস্যরা এখন অলৌকিক কোনো খবরের অপেক্ষায় প্রহর গুনছেন।

বৈরুত দূতাবাস জানিয়েছে, তীব্র নিরাপত্তা ঝুঁকির কারণে রেডক্রস উদ্ধার কাজ পূর্ণাঙ্গভাবে চালাতে পারছে না। তবে মরদেহ উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। এর আগে লেবাননের আরও দুটি জায়গায় ইসরায়েলি হামলায় তিন বাংলাদেশি প্রাণ হারিয়েছিলেন। একের পর এক এমন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

শান্তিপূর্ণ প্রবাসীদের ওপর এমন অতর্কিত ও নৃশংস হামলার ঘটনায় ঢাকা থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। নিরীহ বাংলাদেশিদের প্রাণহানির বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এনএন/ ১৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language