অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বাঁশখালীর এমপি জহিরুল ইসলাম: দ্রুতগতির জিপের সাথে সংঘর্ষ

চট্টগ্রাম, ১৫ মে – ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন জামায়াতে ইসলামীর বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। শুক্রবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে তৈলারদ্বীপ সেতুর বাঁশখালী প্রান্তের চাঁদপুর ব্রিজের টার্নিং পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বোয়ালখালীতে একটি কর্মসূচি শেষ করে আনোয়ারা হয়ে বাঁশখালী ফিরছিলেন সংসদ সদস্য। ফেরার পথে চাঁদপুর ব্রিজের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির জিপ গাড়ি নিয়ম ভেঙে (রং সাইডে) এসে সংসদ সদস্যের গাড়ির এক পাশে সজোরে ধাক্কা দেয়।
সাংসদের ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট সাইফুল ইসলাম মিনার এবং গাড়ি চালক মো. সাইদুল ইসলাম জানান, বিপরীতমুখী জিপটি অত্যন্ত বেপরোয়া গতিতে আসছিল। চালক সাইদুল ইসলাম বলেন, “জিপটি রং সাইড দিয়ে এসে আমাদের গাড়িতে আঘাত করে। বড় ধরণের সংঘর্ষ এড়াতে আমি তাৎক্ষণিকভাবে গাড়িটি রাস্তার নিচে নামিয়ে দিই। তা না হলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যেত এবং বড় ধরণের প্রাণহানির আশঙ্কা ছিল।”
দুর্ঘটনায় সংসদ সদস্যকে বহনকারী গাড়িটির ডান পাশের লুকিং গ্লাস ভেঙে গেছে এবং দরজাসহ বডির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আল্লাহর অশেষ রহমতে সংসদ সদস্য এবং তার চালক সম্পূর্ণ অক্ষত রয়েছেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংসদ সদস্যের গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও তিনি নিরাপদ ও সুস্থ আছেন।
এনএন/ ১৫ মে ২০২৬









