চামড়া শিল্প হবে বিলিয়ন ডলারের খাত!: সিলেটে বড় ঘোষণা দিলেন বাণিজ্যমন্ত্রী

সিলেট, ১৫ মে – বাংলাদেশের চামড়া শিল্পকে একটি শক্তিশালী বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাতে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন, এই শিল্পের দীর্ঘদিনের দুর্বলতাগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং সংকট নিরসনে সরকার মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন যে, চামড়া শিল্পের সমস্যাগুলো দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। মাত্র আড়াই মাস সময়ের মধ্যে সবগুলোর সমাধান সম্ভব নয়। তবে সরকার বসে নেই; সংশ্লিষ্ট অংশীজনদের সাথে একাধিক বৈঠকের মাধ্যমে কার্যকর কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, “সঠিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে চামড়া শিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভে পরিণত হবে।”
আসন্ন কোরবানির ঈদের প্রসঙ্গ টেনে মন্ত্রী অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, জাতীয় সম্পদ হিসেবে এক পিস চামড়াও যেন নষ্ট না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। চামড়া নষ্ট হওয়া মানে দেশের অর্থনীতির ক্ষতি হওয়া। এই সম্পদ রক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষের নৈতিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।
সিলেটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনকালে মন্ত্রী চামড়া শিল্পকে আধুনিক প্রযুক্তির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, চামড়া শিল্পকে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করতে প্রয়োজনীয় সংস্কার ও নীতিগত সহায়তা দেওয়া হবে। রপ্তানিমুখী পরিবেশ তৈরিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে এই খাতের উৎপাদনশীলতা ও মান নিশ্চিত করা হবে।
বাণিজ্যমন্ত্রী দৃঢ়ভাবে বিশ্বাস করেন, আল্লাহর তৌফিক থাকলে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই খাতটি বাংলাদেশের রপ্তানি আয়ে নতুন দিগন্ত উন্মোচন করবে।
এনএন/ ১৫ মে ২০২৬









