চুয়াডাঙ্গায় ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আম সংগ্রহ শুরু

চুয়াডাঙ্গা, ১৩ মে – সরকার ঘোষিত ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ শুরু হয়েছে। বুধবার বেলা ১২টায় শহরের মহিলা কলেজ এলাকার একটি আম বাগানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক লুৎফুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আম সংগ্রহের সূচনা করেন।
নির্ধারিত সূচি অনুযায়ী আজ থেকে আটি, গুঁটি ও বোম্বাই জাতের আম পাড়া শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, পর্যায়ক্রমে ২০ মে থেকে হিমসাগর, ২৫ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম সংগ্রহ করা যাবে। এছাড়া ১৫ জুন থেকে ফজলী এবং ৩০ জুন থেকে আশ্বিনা ও বারি চার জাতের আম সংগ্রহের সময় নির্ধারণ করেছে জেলা প্রশাসন।
আম সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও বাগান মালিক নাজমুল হক স্বপন। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় ২ হাজার ২০৩ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে।
এবার হেক্টরপ্রতি গড় ফলন ১৩ দশমিক ৯২ মেট্রিক টন ধরা হয়েছে। সেই হিসেবে এ বছর জেলায় মোট ৩ হাজার ৬৫৭ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নিরাপদ ও বিষমুক্ত আম বাজারজাত নিশ্চিত করতে এই ক্যালেন্ডার কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।
এস এম/ ১৩ মে ২০২৬









