ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে মৃত্যুদণ্ড কার্যকর

তেহরান, ১৩ মে – ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ বুধবার ইহসান আফরেসথ নামের ওই ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, তার বিরুদ্ধে ইসরায়েলের কাছে ইরানের অত্যন্ত গোপনীয় ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ প্রমাণিত হয়েছে।
ইহসান আফরেসথ নেপালে গিয়ে মোসাদের কর্মকর্তাদের কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে ইরানের প্রতিরক্ষা বিষয়ক তথ্য সরবরাহ করতেন। এদিকে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে যে, ইরান হরমুজ প্রণালির পার্শ্ববর্তী ৩৩টি মিসাইল সাইটের মধ্যে ৩০টি পুনরায় সচল করেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে যে, ইরানি বাহিনী এই সাইটগুলোতে মোবাইল লঞ্চার ব্যবহার করছে যার ফলে যেকোনো স্থানে মিসাইল স্থানান্তর করা সম্ভব। এর ফলে ওই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলো এখন ইরানি মিসাইলের ঝুঁকির মুখে রয়েছে। কিছু কিছু সাইটে স্থায়ী লঞ্চ প্যাডও স্থাপন করা হয়েছে যেখান থেকে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানা যাবে।
এস এম/ ১৩ মে ২০২৬









