তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, সিলেটে জলাবদ্ধতার শঙ্কা

সিলেট, ১১ মে – বজ্রমেঘের প্রভাবে দেশের তিনটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার সংস্থাটির এক বিশেষ সতর্ক বার্তায় জানানো হয় যে, আগামী বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী তিন দিন অর্থাৎ ৭২ ঘণ্টা এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা এই বার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টি হওয়ার ফলে এই পরিস্থিতি তৈরি হতে পারে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ৪৪ মিলিমিটার থেকে ৮৮ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, অতি ভারী বর্ষণের কারণে বিশেষ করে সিলেট বিভাগের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এস এম/ ১১ মে ২০২৬









