আইন-আদালত

সাবেক এমপি হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

ঢাকা, ১১ মে – কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুর্নীতি দমন কমিশনের পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষ থেকে করা আবেদনে উল্লেখ করা হয় যে মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে ২৭ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৩১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৮টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ৮৬ কোটি ৬৬ লাখ ৬৯ হাজার ৪৯৭ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা রয়েছে।

এছাড়া মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলম যৌথভাবে ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকা অবৈধভাবে অর্জন করেছেন বলে অভিযোগে বলা হয়।

১৬টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে মোট ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আরেকটি মামলাও দায়ের করা হয়েছে। তদন্ত কর্মকর্তাদের মতে মামলার সুষ্ঠু তদন্ত পরিচালনার স্বার্থে অভিযুক্তদের আয়কর নথিগুলো পর্যবেক্ষণ ও জব্দ করা প্রয়োজন।

এস এম/ ১১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language