গোপালগঞ্জের উন্নয়ন পর্যালোচনায় স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা অনুষ্ঠিত

ঢাকা, ১০ মে – গোপালগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে গতি ফেরাতে এক গুরুত্বপূর্ণ বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এই সভায় জেলার সংসদীয় তিনটি আসনের জনপ্রতিনিধি এবং সরকারের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনা অনুযায়ী গোপালগঞ্জকে দেশের অন্যান্য জেলার মতো সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের মূলধারায় আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় গোপালগঞ্জ জেলার উন্নয়ন নিয়ে নিজ নিজ এলাকার চাহিদা ও সমস্যার কথা তুলে ধরেন মোঃ সেলিমুজ্জামান মোল্যা (গোপালগঞ্জ-১, কে এম বাবর (গোপালগঞ্জ-২) ও এস এম জিলানী (গোপালগঞ্জ-৩)। সংসদ সদস্যরা চলমান প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট নতুন প্রকল্প গ্রহণে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান সভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা প্রদান করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন যে— গোপালগঞ্জকে অবহেলা নয়, বরং দেশের অন্যান্য জেলার মতো সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের আওতায় আনা হবে।
সচিব বলেন, “প্রধানমন্ত্রীর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই আমরা জেলার বর্তমান চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করছি। প্রকল্পগুলোকে আরও গতিশীল, কার্যকর এবং সময়োপযোগী করতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।”
সভায় এলজিইডি (LGED) ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় জেলার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং সুপেয় পানির প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। সচিব শহীদুল হাসান প্রকল্প পরিচালকদের নির্দেশ দিয়েছেন যাতে কোনোভাবেই কাজের গুণমান ও সময়ের সাথে আপস করা না হয়।
গোপালগঞ্জের সার্বিক উন্নয়নে এই সমন্বিত উদ্যোগ জেলাবাসীর মনে নতুন আশার আলো সঞ্চার করেছে।
সভায় পরিকল্পনা অনুবিভাগের মহাপরিচালক মো: মাহমুদুল হাসান, এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: আবদুল আউয়াল এবং জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা অংশ নেন।
এনএন/ ১০ মে ২০২৬









