জাতীয়

হামের প্রকোপে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৩৪৫

ঢাকা, ৯ মে – বর্তমানে দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি সময়ে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ছয় শিশু হামের উপসর্গে এবং একটি শিশু সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা যায়। মৃতদের মধ্যে তিনজন সিলেট বিভাগের, দুইজন ঢাকার, একজন খুলনা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা। অন্য দুইজন বিভিন্ন বিভাগের বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ৫৪ দিনে দেশে হামে আক্রান্ত হয়ে ২৮৭ জন এবং হামের উপসর্গে আরও ৫৮ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১২ জনে। এর মধ্যে ৯৫০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৯১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। নতুন করে নিশ্চিতভাবে ২৮২ জন শিশুর হামে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে সর্বাধিক ২০৪ জন ঢাকা বিভাগে এবং ৪৬ জন চট্টগ্রাম বিভাগে।

বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ বেড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর পাশাপাশি সম্ভাব্য ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ফিল্ড হাসপাতাল প্রস্তুতের কার্যক্রমও চলমান রয়েছে।

শিশু বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাম সাধারণত একটি ভাইরাসজনিত ও ছোঁয়াচে রোগ যা বেশিরভাগ ক্ষেত্রে ৭ থেকে ১০ দিনের মধ্যে নিজে থেকেই সেরে যায়। তবে কিছু ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে।

শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা বলেন, শ্বাসকষ্ট, বুক দেবে যাওয়া, খিঁচুনি, নিস্তেজভাব, বারবার বমি বা তীব্র পানিশূন্যতার লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে।

ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মাহবুবুল হক জানান, জ্বরের পর র‌্যাশ দেখা দিলে সাধারণত হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় না, তবে নিউমোনিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সংক্রামক রোগ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচির ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কারণে টিকাদান কার্যক্রম ব্যাহত হলে তা রোগের দ্রুত বিস্তার ঘটাতে পারে যা বর্তমান পরিস্থিতিতে প্রতিফলিত হচ্ছে।

এনএন/ ৯ মে ২০২৬

Back to top button
🌐 Read in Your Language