জাতীয়

দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রপাতের সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস

ঢাকা, ৯ মে – দেশের সাতটি জেলায় ঝড় বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা জানিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যার মধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, বরগুনা, নীলফামারী এবং পঞ্চগড় জেলার কিছু স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় ঘরের বাইরে অবস্থান না করার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তর তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানিয়েছে যে, এটি মূলত বজ্রপাত সংক্রান্ত একটি বিশেষ সতর্কতা। বৃষ্টির শুরু, স্থায়িত্ব বা সঠিক পরিমাণ নির্ধারণের জন্য এই বার্তা দেওয়া হয়নি।

আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টি শুরুর আগে, চলাকালীন কিংবা বৃষ্টি থেমে যাওয়ার পরেও বজ্রপাতের সম্ভাবনা থাকে। তাই সর্বশেষ বজ্রধ্বনি শোনার পর অন্তত ৩০ মিনিট পর্যন্ত বজ্রপাতের উচ্চ ঝুঁকি বজায় থাকে। এই সময়টুকু সবাইকে নিরাপদ স্থানে অবস্থানের আহ্বান জানানো হয়েছে।

এনএন/ ৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language