উন্নয়নে বৈষম্য ও গণভোট নিয়ে প্রতারণার অভিযোগ জামায়াত নেতার

নীলফামারী, ৯ মে – বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার অভিযোগ করেছেন যে বর্তমান সরকার গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে এবং উন্নয়নের ক্ষেত্রে চরম বৈষম্যমূলক আচরণ করছে। শনিবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
মিয়া গোলাম পারওয়ার বলেন যে বর্তমানে বিএনপি ক্ষমতায় গিয়ে জনমতকে উপেক্ষা করার যে ভূমিকা পালন করছে তা বাস্তবে রাবণ সাজার শামিল। তারা ৭০ শতাংশ জনমতকে উপেক্ষা করে প্রতারণায় মেতে উঠেছে। তিনি আরও বলেন যে নির্বাচনের আগে তারা হ্যাঁ ভোটের পক্ষে থাকলেও এখন জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে গণভোটের রায় মানছে না যা জনগণকে বিভ্রান্ত করার নামান্তর।
জামায়াত নেতা বলেন আমরা সরকারের উন্নয়ন কার্যক্রমের বিরোধী নই তবে উন্নয়নের ক্ষেত্রে আঞ্চলিকতা কিংবা সরকারদলীয় সংসদ সদস্যদের অগ্রাধিকার দেওয়াকে সমর্থন করি না। উন্নয়ন হতে হবে ন্যায্যতা ও সাম্যের ভিত্তিতে। তিনি সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার দাবি জানিয়ে বলেন এটি উত্তরাঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই উন্নয়ন রংপুর ও দিনাজপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। এ সময় নীলফামারী চার আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমসহ জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এস এম/ ৯ মে ২০২৬









