চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ঢাকা, ৯ মে – রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ফলোআপ চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যের লন্ডনের পথে রওনা হয়েছেন। শনিবার সকাল ৭টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির এই সফরে তার পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সব প্রক্রিয়া শেষ করে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
এনএন/ ৯ মে ২০২৬









