মধ্যপ্রাচ্য

ওমান সাগরে ‘ওশেন কোই’ নামক তেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান

তেহরান, ৮ মে – ওমান সাগর থেকে ‘ওশেন কোই’ নামক একটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে ইরান। ইরানি নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটি ইরানের নিজস্ব তেল বহন করছিল। তেল রপ্তানি কার্যক্রমে বাধা সৃষ্টি এবং ক্ষতির চেষ্টার অভিযোগে ট্যাংকারটি আটক করা হয়েছে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বার্বাডোজের পতাকাবাহী এই জাহাজটি গত ফেব্রুয়ারি মাস থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় ছিল।

ইরানের সেনাবাহিনী শুক্রবার এক বিবৃতিতে জানায়, আঞ্চলিক পরিস্থিতির সুযোগ নিয়ে ট্যাংকারটি ইরানি তেল রপ্তানিতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছিল। তবে ঠিক কী উপায়ে এই ক্ষতির চেষ্টা করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ইরানি নৌ সেনারা জাহাজটিকে ওমান সাগর থেকে তাদের দক্ষিণাঞ্চলীয় উপকূলের দিকে নিয়ে গেছে। বর্তমানে জাহাজটিকে আইনি প্রক্রিয়ার জন্য দেশটির বিচারিক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এই ঘটনার মাত্র একদিন আগে গত বৃহস্পতিবার রাতে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান।

ওমান সাগর আরব উপসাগরকে বহির্বিশ্বের সঙ্গে সংযুক্ত করার একটি গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে পরিচিত।

এনএন/ ৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language