হরমুজ প্রণালিতে সংঘাতের পরও যুদ্ধবিরতি বহাল আছে বলে দাবি ট্রাম্পের

ওয়াশিংটন, ৮ মে – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটলেও বর্তমান যুদ্ধবিরতি এখনও বহাল আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে সংঘাত সত্ত্বেও যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এই সংঘর্ষের ঘটনাকে স্রেফ একটি হালকা সংঘাত হিসেবে বর্ণনা করেন তিনি। গত বৃহস্পতিবার রাতে এই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে যা ইরানি ও মার্কিন উভয় পক্ষই স্বীকার করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রথম বিস্ফোরণের খবরটি প্রচার করে। সেখানে এই ঘটনাকে ইরানি বাহিনী ও শত্রুপক্ষের মধ্যে গুলিবিনিময় হিসেবে উল্লেখ করা হয়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এক অজ্ঞাত সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায় যে একটি ইরানি ট্যাংকারে মার্কিন হামলার পর এই সংঘর্ষ শুরু হয়। জবাবে ইরানও প্রণালিতে অবস্থানরত প্রতিপক্ষের ইউনিটগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে জানায় যে হরমুজ প্রণালি অতিক্রম করে ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় তাদের মিসাইল ধ্বংসকারী যুদ্ধজাহাজ কোনো উসকানি ছাড়াই ইরানি হামলার মুখে পড়ে। সেন্টকমের দাবি অনুযায়ী ইউএসএস ট্রাকস্টন, ইউএসএস রাফায়েল পেরাল্টা এবং ইউএসএস ম্যাসনের ওপর ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়। তবে এতে মার্কিন বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আত্মরক্ষার্থে মার্কিন বাহিনী পাল্টা হামলা চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং কমান্ড সেন্টার ধ্বংস করেছে। অন্যদিকে ইরান অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্রই প্রথম যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আইআরআইবি জানায় মার্কিন বাহিনী একটি ইরানি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরানি সশস্ত্র বাহিনী মার্কিন জাহাজে হামলা চালিয়ে উল্লেখযোগ্য ক্ষতি করেছে বলে দাবি করেছে তেহরান।
এস এম/ ৮ মে ২০২৬









