জাতীয়

অভিবাসীদের অধিকার সুরক্ষায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

ঢাকা, ৮ মে – অভিবাসীদের অধিকার সুরক্ষা, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ এবং অভিবাসন ব্যয় কমানোর লক্ষ্যে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এছাড়া ন্যায্য মজুরি নিশ্চিত করা, জবাবদিহিতা বৃদ্ধি এবং অভিবাসীদের ন্যায়বিচারে প্রবেশাধিকার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের সাধারণ বিতর্কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার এবং সমাজ কাঠামোর সম্মিলিত প্রচেষ্টায় অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করছে। নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিতে গ্লোবাল কমপ্যাক্ট অন মাইগ্রেশন বাস্তবায়নে বাংলাদেশে ইতিমধ্যে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

এছাড়া ২০২৬ থেকে ২০৩০ মেয়াদের জন্য একটি জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান যে প্রথম রিভিউ ফোরামে দেওয়া বাংলাদেশের ১০টি অঙ্গীকারের মধ্যে সাতটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশ আরও নতুন ছয়টি অঙ্গীকার পেশ করেছে এবং দুটি আঞ্চলিক উদ্যোগে যুক্ত হয়েছে।

জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমবর্ধমান অভিবাসন সমস্যা মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আন্তর্জাতিক অর্থায়ন ও কারিগরি সহায়তা বাড়ানোর দাবি জানান মন্ত্রী। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অংশীদারদের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এস এম/ ৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language