জাতীয়

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১২৬ বারের মতো পেছালো

ঢাকা, ৭ মে – রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। ঢাকার একটি আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ জুন নতুন দিন ধার্য করেছেন। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় মোট ১২৬ বারের মতো বাড়ানো হলো। বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পূর্বনির্ধারিত দিন ছিল।

নির্ধারিত সময়ে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন এই তারিখ ঘোষণা করেন। মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রাসেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নির্মমভাবে খুন হন। এই ঘটনার পর নিহত মেহেরুন রুনির ভাই নওশের আলম রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত এই হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি তদন্ত সংস্থা।

এস এম/ ৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language