জাতীয়

নবায়নযোগ্য জ্বালানিতে বিপ্লব আনতে নীতিমালা প্রণয়ন করছে সরকার

ঢাকা, ৭ মে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার একটি কার্যকর নীতিমালা প্রণয়নের কাজ করছে। আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ‘বিদ্যুৎ, জ্বালানি ও ইনফ্রাস্ট্রাকচার এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশ সৌর ও বায়ু বিদ্যুতের ব্যবহারে পিছিয়ে থাকলেও বর্তমানে এই খাতে এগিয়ে যেতে দেশ প্রস্তুত। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গঠিত কমিটি ইতোমধ্যে নীতিমালার ভিত্তি চূড়ান্ত করেছে এবং চলতি মাসেই তা চূড়ান্ত রূপ পাবে বলে আশা করা যাচ্ছে। মন্ত্রী তার বক্তব্যে আশির দশকে তৈরি পোশাক শিল্পে আনা বন্ডেড ওয়্যারহাউস সুবিধার উদাহরণ টেনে বলেন, সঠিক নীতিগত সহায়তা পেলে সৌরবিদ্যুৎ খাতেও বড় পরিবর্তন আনা সম্ভব।

বিশেষ করে ইনভার্টার ও ফটোভোল্টাইক প্যানেল আমদানিতে সহজ কাঠামো এবং ব্যাটারি স্টোরেজ ব্যবস্থায় গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে সন্ধ্যার চাহিদাও মেটানো যায়। আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান। এছাড়া শহরের ভবনের ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে ভবন মালিক ও উদ্যোক্তারা লাভবান হবেন এবং রাজধানীর বিদ্যুতের চাপ কমবে।

অনুষ্ঠানে স্রেডার চেয়ারম্যান মুজাফফর আহমেদসহ সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ১২টি দেশের ১৪০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে এই প্রদর্শনী আগামী শনিবার পর্যন্ত চলবে। প্রদর্শনীতে বিদ্যুৎ ও অবকাঠামো খাতের আধুনিক প্রযুক্তি ও সেবা তুলে ধরা হচ্ছে।

এস এম/ ৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language