প্রাথমিক শিক্ষার্থীদের বাংলা ইংরেজি ও গণিতে দক্ষতা বাড়ানোর কঠোর নির্দেশনা

ঢাকা, ৬ মে – সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক শিক্ষাগত দক্ষতা বৃদ্ধিতে বাংলা ও ইংরেজি পাঠে বিশেষ গুরুত্ব প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি গণিতের চারটি মৌলিক নিয়ম যেমন যোগ, বিয়োগ, গুণ ও ভাগ আয়ত্তে আনার ওপর গুরুত্বারোপ করেছে সরকার। এ লক্ষ্যে শিক্ষার্থীদের প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ পাঠ জোরে জোরে পড়ানোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল ও ৫ মে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন। বৈঠকে তিনি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে কঠোর নির্দেশনা প্রদান করেন।
আগামী জুন মাসের মধ্যে এই তিন শ্রেণির শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়ার দক্ষতা ৯০ শতাংশে উন্নীত করা এবং জুলাইয়ের মধ্যে তা ১০০ শতাংশে নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সচিবের এই নির্দেশনা বাস্তবায়নে ইতিমধ্যে বিভিন্ন জেলা শিক্ষা অফিস থেকে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি পাঠ্যবই থেকে প্রতিদিন অন্তত পাঁচ পৃষ্ঠা করে জোরে জোরে পড়াতে হবে। চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের গণিতের বুনিয়াদি শিক্ষা প্রদানের ওপরও জোর দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন ও ভাতা বন্ধের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এই দক্ষতা উন্নয়ন নিশ্চিত করতে প্রতিটি বিদ্যালয়কে একটি কর্মপরিকল্পনা তৈরি করে আগামী ১০ মে এর মধ্যে জেলা শিক্ষা অফিসে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এনএন/ ৬ মে ২০২৬









