জাতীয়

তথ্য অধিকার ও পেশাদারিত্বের নতুন দিগন্ত: সাংবাদিকদের জন্য সুনির্দিষ্ট নীতিমালার ঘোষণা

ঢাকা, ৬ মে – দেশের গণমাধ্যম ও সাংবাদিকতার মান নিশ্চিত করতে এবং অনলাইন প্ল্যাটফর্মের দ্রুত বিস্তার সামলাতে সরকার দ্রুত একটি সুনির্দিষ্ট নীতিমালা ও আচরণবিধি (কোড অব কনডাক্ট) প্রণয়ন করতে যাচ্ছে। বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিবেশন শেষে এ কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তথ্য উপদেষ্টা জানান, বর্তমানে অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের অভাবনীয় প্রসারের ফলে যে কেউ খুব সহজে মিডিয়া চালু করতে পারছেন। এতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হলেও পেশাগত মানদণ্ড ও দায়বদ্ধতার অভাব পরিলক্ষিত হচ্ছে।

তিনি বলেন, “জেলা প্রশাসকদের পক্ষ থেকে জোরালো দাবি এসেছে যে, সাংবাদিক হওয়ার জন্য একটি নির্দিষ্ট মানদণ্ড থাকা প্রয়োজন। মাঠপর্যায়ে প্রশাসন ও গণমাধ্যম যাতে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে পারে, সেজন্য একটি কার্যকর রেগুলেটরি কাঠামো অপরিহার্য হয়ে পড়েছে।” এই লক্ষ্যেই তথ্য মন্ত্রণালয় দ্রুত একটি বিস্তৃত নীতিমালা তৈরিতে হাত দিয়েছে।

ডা. জাহেদ উর রহমান তার বক্তব্যে সরকারের গণতান্ত্রিক অঙ্গীকারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাফ জানিয়ে দেন যে, বর্তমান সরকার তথ্য গোপন করার দীর্ঘদিনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায়।

তিনি বলেন, “আগে তথ্য গোপন করার যে প্রবণতা দেখা গেছে, বর্তমান সরকার যুক্তিবলে তা করবে না। আমরা গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে চাই এবং অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করি।”

বর্তমান ডিজিটাল যুগে গুজব ও অপতথ্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটি মোকাবিলায় সরকারের পরিকল্পনা তুলে ধরে উপদেষ্টা জানান:

  • সংবাদের সত্যতা যাচাই বা ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদার করতে ইতোমধ্যে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
  • জেলা পর্যায়ের তথ্য অবকাঠামোকে আধুনিক ও সমন্বিত করা হবে।
  • নতুন ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে জেলা পর্যায়ের তথ্য কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

এনএন/ ৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language