দেশে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১৪৪৫ জন

ঢাকা, ৫ মে – দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ৪৪৫ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ছয় জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে দুজনের শরীরে হামের জীবাণু শনাক্ত হয়েছিল এবং চারজন উপসর্গ নিয়ে মারা গেছে। এই নিয়ে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩১৭ জনে দাঁড়িয়েছে। তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৩ জনে। অন্যদিকে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হাম আক্রান্তদের মধ্যে মৃত্যুর সংখ্যা ৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ১৮৬ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪২ হাজার ৯৭৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২৫৯ জন এবং এখন পর্যন্ত এই সংখ্যা মোট ৫ হাজার ৭২৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৮৩১ জন। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৩৬৮ জন।
এস এম/ ৫ মে ২০২৬









