শেখ হাসিনার সম্পদের তথ্য চেয়ে ব্যাংক কর্মকর্তাদের তালিকা চাইল দুদক

ঢাকা, ৪ মে – ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দাখিল করা সম্পদ বিবরণী পুনঃযাচাই এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কমিশনের উপ-পরিচালক আকতারুল ইসলাম জানান, বিগত ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দাখিলকৃত সম্পদ বিবরণী পুনরায় পরীক্ষা এবং ২০০৮ সালের ২ সেপ্টেম্বর পরবর্তী সময়ে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদের বিষয়ে বিশেষ অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনুসন্ধানের স্বার্থে একটি চিঠির মাধ্যমে অগ্রণী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল শাখার কর্মকর্তাদের তথ্য তলব করা হয়েছে।
দুদকের বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো ওই চিঠিতে ১৯৯০ থেকে ২০০৮ সাল পর্যন্ত উক্ত শাখায় কর্মরত শাখা ব্যবস্থাপক এবং লকার ইনচার্জদের বিস্তারিত তালিকা চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম, পদবি, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং মোবাইল নম্বর সংগ্রহ করে ২০২৬ সালের ৬ মে’র মধ্যে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য মাঠ পর্যায়ে একজন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ১৯ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ এর ২০ বিধি অনুযায়ী এই আইনি নোটিশ জারি করা হয়। কমিশনের এই পদক্ষেপের মাধ্যমে ক্ষমতাচ্যুত সরকারের প্রধানের ব্যাংক লকার এবং আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য উদঘাটন করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
এস এম/ ৪ মে ২০২৬









