তুরস্কে মে দিবসের বিক্ষোভে আটক ৫ শতাধিক আন্দোলনকারী মুক্তি পেলেন

আঙ্কারা, ৩ মে – তুরস্কের ইস্তাম্বুলে মে দিবসের সমাবেশ থেকে আটক হওয়া পাঁচ শতাধিক বিক্ষোভকারীকে মুক্তি দেওয়া হয়েছে। আইনজীবীদের সংগঠন সিএইচডি শনিবার এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত শুক্রবার মে দিবসের বিক্ষোভ দমনে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং শত শত মানুষকে আটক করে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত আটক মোট ৫৭৬ জন বিক্ষোভকারীকেই মুক্তি দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে শ্রমিক ইউনিয়ন নেতা বাসারান আকসুও রয়েছেন বলে সিএইচডি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে। সংগঠনটি আটক ব্যক্তিদের আইনগত সহায়তা দেওয়ার জন্য ইস্তাম্বুলের বিভিন্ন স্থানে তাদের সদস্যদের নিয়োজিত রেখেছিল।
তবে ইস্তাম্বুল গভর্নরের কার্যালয়ের তথ্যমতে, গ্রেপ্তারের সংখ্যা ছিল ৫৭৫ জন। এদিকে মে দিবসের মূল সমাবেশের আগেই গত ২৮ এপ্রিল আরও ৪৭ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে চারজনকে কারাগারে পাঠানো হয়েছে এবং নয়জনকে গৃহবন্দি রাখা হয়েছে বলে সিএইচডি উল্লেখ করেছে।
এবারের বিক্ষোভগুলো মূলত ঐতিহাসিক তাকসিম স্কয়ারকে কেন্দ্র করে সংগঠিত হয়েছিল। ২০১৩ সালের বড় ধরনের সরকারবিরোধী আন্দোলনের পর থেকে কর্তৃপক্ষ এই চত্বরে সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করে রেখেছে। আটকের আগে শ্রমিক নেতা আকসু তাকসিম স্কয়ারে অবরোধ আরোপের সমালোচনা করে বলেছিলেন, তুরস্কের শ্রমিকদের জন্য একটি নির্দিষ্ট চত্বর এভাবে বন্ধ রাখা অনুচিত।
তিনি অভিযোগ করেন যে সব ধরনের সরকারি অনুষ্ঠানের জন্য তাকসিম স্কয়ার ব্যবহার করা হলেও কেবল শ্রমিক ও সাধারণ মানুষের জন্য এটি বন্ধ রাখা হয়। উল্লেখ্য, প্রতি বছরই মে দিবস ঘিরে ইস্তাম্বুলে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। এ বছরও বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও নাগরিক সংগঠন রুটি, শান্তি ও স্বাধীনতা শ্লোগানে সমাবেশের ডাক দিয়েছিল।
এস এম/ ৩ মে ২০২৬









