দেশের উত্তর পূর্বাঞ্চলে ৫ নদীর পানি বিপৎসীমার উপরে, নেত্রকোনায় বন্যার শঙ্কা

ঢাকা, ১ মে – দেশের উত্তর পূর্বাঞ্চলের পাঁচটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে নেত্রকোনা জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
কেন্দ্রের সহকারী প্রকৌশলী ইমন কল্যাণ দাশ শুক্রবার সন্ধ্যায় জানান যে বৃষ্টির কারণে কয়েকটি পয়েন্টে প্রাক মৌসুমী বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নেত্রকোনা জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী তিন দিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী সুনামগঞ্জের নলজুর নদী এবং নেত্রকোনার ভুগাই কংস, সোমেশ্বরী ও মগরা এবং হবিগঞ্জের সুতাং নদী বর্তমানে বিপৎসীমার ওপরে অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানির উচ্চতা বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই অঞ্চলে আগামী তিন দিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। এর ফলে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে পরিস্থিতির অবনতি হওয়ার ঝুঁকি রয়েছে।
মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই ও জুড়ি নদীর পানিও দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
এনএন/ ১ মে ২০২৬









