ইরানে সর্বোচ্চ নেতার সমর্থনে বিশাল র্যালি, যুক্তরাষ্ট্রের হুমকির প্রতিবাদ

তেহরান, ৩০ এপ্রিল – যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে হুমকির প্রতিবাদে এবং দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি সমর্থন জানাতে ইরানে বিশাল গণর্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের ওপর নতুন করে হুঁশিয়ারি আসার পর সাধারণ মানুষ রাজপথে নেমে আসে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রাজধানী তেহরানের ইমাম হোসেন স্কয়ার এবং আযাদি স্কয়ারে আয়োজিত এই র্যালিতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বিক্ষোভকারীদের হাতে ইরানের জাতীয় পতাকা এবং বিভিন্ন দাবিসম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তীব্র স্লোগান দেন এবং মধ্যপ্রাচ্য থেকে এই দুই দেশের প্রভাব হ্রাসের দাবি জানান। একই সঙ্গে তারা ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের দাবিও তোলেন।
তেহরান ছাড়াও দেশটির অন্যান্য প্রধান শহরেও একই ধরনের কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে। মিছিলে অংশ নেওয়া ইরানিরা তাদের দেশের সাবেক ও বর্তমান নেতৃত্বের প্রতি সংহতি প্রকাশ করেন এবং বিদেশি কোনো হুমকি মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এস এম/ ৩০ এপ্রিল ২০২৬









