মধ্যপ্রাচ্য

৭২ ঘণ্টায় ৫২ বার মার্কিন অবরোধ ভাঙল ইরান

তেহরান, ২৯ এপ্রিল – ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে হরমুজ প্রণালীতে ৫২ বার মার্কিন অবরোধ অমান্য করা হয়েছে। প্রতিবেদনে বলা হয় ইরানের ৫২টি জাহাজ দেশটির জলসীমায় যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলাচল করেছে। স্যাটেলাইট ট্র্যাকিংয়ের তথ্যের ভিত্তিতে গত সোমবার রাত ১০টা পর্যন্ত আগের তিন দিনের গতিবিধি বিশ্লেষণ করে এই তথ্য জানানো হয়।

যাতায়াত করা জাহাজগুলোর মধ্যে ৩১টি তেলবাহী ট্যাংকার এবং ২১টি পণ্যবাহী জাহাজ ছিল। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পর ২ মার্চ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা হয়। গত ১১ এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও সেখানে কোনো স্থায়ী চুক্তি হয়নি। এরপর ২১ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে এবং ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব না আসা পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকবে।

এস এম/ ২৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language