টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে অবসরে যাচ্ছেন কিউই ক্রিকেটের তিন কিংবদন্তি

লন্ডন, ২৯ এপ্রিল – আগামী জুন জুলাই মাসে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ। এই মেগা ইভেন্টের মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানতে চলেছেন নিউজিল্যান্ডের তিন অভিজ্ঞ তারকা সুজি বেটস, সোফি ডিভাইন ও লিয়া তাহুহু। কিউইদের প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ে এই তিন ক্রিকেটারের অনবদ্য ভূমিকা ছিল। আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে ৪৭১৭ রান নিয়ে শীর্ষে থাকা সুজি বেটস সম্প্রতি তার অবসরের ঘোষণা দেন। তার পথ অনুসরণ করে বিশ্বকাপের পর অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৬ বছর বয়সী সোফি ডিভাইন ও ৩৫ বছর বয়সী লিয়া তাহুহু।
বিশ্বকাপ ধরে রাখার মিশনে এই অভিজ্ঞ ত্রয়ীকে রেখেই নিউজিল্যান্ডের স্কোয়াড চূড়ান্ত করা হয়েছে। অ্যামেলিয়া কেরের নেতৃত্বে ঘোষিত এই দলে গত বিশ্বকাপজয়ী দলের ১০ জন সদস্য রয়েছেন। কের, বেটস, ডিভাইন ও তাহুহুর পাশাপাশি দলে আছেন ম্যাডি গ্রিন, ব্রুক হ্যালিডে ও রোজমেরি মেয়ারের মতো অভিজ্ঞরা। প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছেন ব্রি ইলিং, পলি ইংলিস ও ফ্লোরা ডেভনশায়ার। এ ছাড়া ফেব্রুয়ারিতে অভিষিক্ত নেনসি প্যাটেল ও ইজি শার্পকেও দলে রাখা হয়েছে।
নিউজিল্যান্ডের প্রধান কোচ বেন সাওয়ার বলেন, একই টুর্নামেন্টে তিন সিনিয়ার ক্রিকেটারের বিদায় নেওয়া এক বিশেষ মুহূর্ত। তারা দলের জন্য অনেক কিছু দিয়েছেন। বিশ্বকাপের গ্রুপ টু তে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। মূল আসরের আগে কিউইরা ৬ জুন বাংলাদেশ এবং ৯ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। ১৪ জুন ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে অ্যামেলিয়া কেরের দল।
এস এম/ ২৯ এপ্রিল ২০২৬









